
নিজস্ব প্রতিবেদক:
যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা থেকে নগরবাসীকে স্বস্তি দিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন ও জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
সভায় ঢাকার যানজট পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন বড় শহরে মানুষের চলাচল সহজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কে মানুষের মূল্যবান সময় নষ্ট হলে এর প্রভাব অর্থনীতিতেও পড়ে। তাই নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান ড. আবদুল মঈন খান। তিনি বলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন করেছেন। দেশব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এ কার্যক্রম আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রম আরও জোরদারের পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রীর নেওয়া ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন মন্ত্রী।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন ঢাকাকে পরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনগুলোর চলমান কার্যক্রম আরও জোরদার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।
এর আগে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকরা নিজ নিজ সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম তুলে ধরেন। সভায় ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ডেঙ্গু প্রতিরোধ যানজট নিরসন খাল খনন জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণে নেওয়া বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি দেখে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















