
নিজস্ব প্রতিবেদক:
দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ করে তিনি বলেছেন ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয় বুকের পাটা থাকলে এখনই আসেন।
বুধবার দুপুরে কিশোরগঞ্জ শহরের কালিবাড়ী মোড়সংলগ্ন চত্বরে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়।
ইয়াসের খান চৌধুরী বলেন ডিসেম্বর নয় বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আসেন।
বিএনপির রাজপথের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন তারা রাজপথে নেতৃত্ব দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করার জন্য ফ্যাসিবাদ ও স্বৈরাচার পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে। বিএনপি সেই ষড়যন্ত্র মোকাবিলা করে তাদের ফ্যাসিবাদ ভেঙে দিয়েছে। কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সারা দেশে ঐক্যবদ্ধ রয়েছেন। জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে।
সম্প্রতি দুটি বাসে আগুন দেওয়ার প্রসঙ্গ তুলে ইয়াসের খান চৌধুরী বলেন যারা দুটি বাস পুড়িয়ে এবং একটি চক্রের মাধ্যমে জনগণকে ভয় দেখানোর চেষ্টা করছেন তাদের সতর্ক করে দিতে চাই। জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করা হবে। দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না।
বিচারের প্রসঙ্গে তিনি বলেন সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে জনগণ বিচার করবে। বিচারের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চান না বলেও জানান তিনি। এই মুহূর্তেই বিচারের আহ্বানে সংশ্লিষ্টদের সামনে আসার কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।
এর আগে দুপুরে শহরের রথখলা এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ী মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন বক্তব্য দেন।
বিক্ষোভ মিছিলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।




















