
নিজস্ব প্রতিবেদক:
গোপন সংবাদের ভিত্তিতে Korean Mart Bangladesh নামের অনলাইনভিত্তিক প্রসাধনী সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠানে নিবারক কার্যক্রম চালিয়ে ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকা মূসক বা ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া গেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিমের কমিশনারের নির্দেশনা এবং পল্লবী বিভাগীয় কর্মকর্তার তত্ত্বাবধানে গত ২১ সেপ্টেম্বর পল্লবী বিভাগীয় দপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানটিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিকে মূসক-১২.১ প্রদর্শন করা হয়।
Korean Mart Bangladesh-এর ঠিকানা বাড়ি নম্বর ৩৪, রোড নম্বর ৩, ব্লক-ডি। প্রতিষ্ঠানটির বিন নম্বর ০০৭৫৩৪৫১৪-০৪০১।
কার্যক্রমের সময় প্রতিষ্ঠানের ল্যাপটপ, কম্পিউটার, কুরিয়ার সার্ভিস, নিজস্ব সফটওয়্যার ব্যবস্থা এবং প্রাপ্ত দলিলাদির তথ্য পর্যালোচনা করা হয়। এসব তথ্য পর্যালোচনায় মূসক ফাঁকির সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়।
অধিকতর যাচাইয়ের জন্য মূসক-১২.৩ ইস্যু করা হয়। এর মাধ্যমে ল্যাপটপ, কম্পিউটার ও অন্যান্য দলিলাদির তথ্য পেনড্রাইভের মাধ্যমে সংরক্ষণ করে জব্দ করা হয়।
পরে জব্দ করা দলিলাদি যাচাই করে নিয়মবহির্ভূত মোট ৪৬ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৬৪৭ টাকার বিক্রয় তথ্য পাওয়া যায়। এর বিপরীতে ফাঁকিকৃত মূসকের পরিমাণ মোট ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকা।
জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।



















