
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৫ নম্বর লোহানীপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রায়হান কবির মিল্টন বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো, গালিগালাজ, হুমকি, ব্যক্তিগত অপমান কিংবা সাইবার বুলিংয়ের মাধ্যমে কাউকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হলে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে তিনি দল-মত নির্বিশেষে সবাইকে পারস্পরিক সম্মান, ভালোবাসা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
রায়হান কবির মিল্টন বলেন, তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কাজ করতে চান না। বরং লোহানীপাড়া ইউনিয়নের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য, ভালোবাসা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে এলাকার উন্নয়নে কাজ করতে চান।
তিনি বলেন, জীবনের দীর্ঘ একটি সময় বিদেশে কাটানোর কারণে নিজের দেশ ও এলাকার মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ কম হয়েছে। এখন জন্মভূমি ও এলাকার মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা করছেন তিনি।
মিল্টন বলেন, “আমি নির্বাচনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে চাই। মানুষের জন্য কাজ করতে চাই এবং আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, সেই সামর্থ্য অনুযায়ী মানুষের উপকারে আসার চেষ্টা করতে চাই। আমার কাছে রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের বিষয় নয়; মানুষের জন্য কাজ করার একটি সুযোগ।”
তিনি আরও বলেন, রাজনীতিতে মত ও পথের পার্থক্য থাকতেই পারে। তবে সেই পার্থক্য যেন ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি, অপমান কিংবা বিদ্বেষে পরিণত না হয়। সুন্দর সমাজ গড়ে তুলতে হলে মানুষের প্রতি সম্মান ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা জরুরি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একজনকে নিয়ে আপত্তিকর মন্তব্যের একটি ঘটনাকে কেন্দ্র করে নিজের অবস্থানও পরিষ্কার করেন মিল্টন। তিনি বলেন, এ ধরনের মন্তব্য তিনি ব্যক্তিগতভাবে সমর্থন করেন না এবং বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছেন। বিষয়টি উপলব্ধি করার পর সংশ্লিষ্ট মন্তব্যটি মুছে ফেলা হয়েছে বলেও জানান তিনি।
মিল্টন বলেন, “আমি কাউকে শত্রু মনে করি না। আমি কারও ক্ষতি করতে চাই না এবং কারও বিরুদ্ধে ব্যক্তিগত বিদ্বেষও পোষণ করি না। মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেটি যেন ব্যক্তিগত আক্রমণ বা অসম্মানে পরিণত না হয়।”
তিনি তার ভাই, বন্ধু, মুরব্বি, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ, অপমান, উসকানিমূলক ও বিভ্রান্তিকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, তার সমর্থক, শুভাকাঙ্ক্ষী কিংবা সংশ্লিষ্ট কাউকে উদ্দেশ্য করে হুমকি, গালিগালাজ, অপমান, মিথ্যা প্রচারণা বা সাইবার বুলিংয়ের মাধ্যমে পরিকল্পিতভাবে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৫ নম্বর লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মিল্টন বলেন, ইউনিয়নের প্রায় ২৭ হাজার মানুষের প্রতিনিধি হয়ে তাদের জন্য কাজ করার স্বপ্ন দেখেন তিনি। দল, মত, ধর্ম ও ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত লোহানীপাড়া গড়ে তুলতে চান।













