
মধ্যনগর,সুনামগঞ্জ-প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় হয়েছেন আনিসুল হক বাচ্চু। ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।
এলাকার স্বনামধন্য ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান হিসেবে আনিসুল হক বাচ্চু স্থানীয়ভাবে পরিচিত মুখ। তিনি বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের সাবেক দুইবারের চেয়ারম্যান মরহুম নুরুল ইসলামের ছেলে। বাবার দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্ব ও এলাকায় তার জনপ্রিয়তাকে পুঁজি করে নয়, বরং নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছেন বাচ্চু।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আনিসুল হক বাচ্চু দাবি করেন, এলাকার নিপীড়িত, অসহায় ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন তিনি।
নিজের প্রার্থিতার বিষয়ে আনিসুল হক বাচ্চু বলেন, ‘আমি আপনাদের ঘরের সন্তান। আমার বাবা মরহুম নুরুল ইসলাম দুই মেয়াদে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি সবসময় গরিব-দুঃখী ও নিপীড়িত মানুষের পাশে ছিলেন। দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকলেও নিজের জন্য কিছু করেননি; জনগণের জন্যই কাজ করেছেন।’
তিনি বলেন, ‘আমি বাবার আদর্শ ধারণ করে সবসময় মানুষের পাশে থাকতে চাই। এলাকার মানুষের ভালোবাসা ও দোয়া পেলে বাবার দেখানো পথে এবং দলের আদর্শ ধারণ করে জনসেবা করতে চাই।’
বংশীকুন্ডা উত্তর ইউনিয়নকে নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে বাচ্চু বলেন, একটি শিক্ষিত, দুর্নীতিমুক্ত ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই তার স্বপ্ন। রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং বন্যা নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং অসহায়, বিধবা ও মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানান তিনি।
এদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এরই মধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন আনিসুল হক বাচ্চু। ‘বাবার আদর্শ, ছেলের অঙ্গীকার—বংশীকুন্ডার উন্নয়ন এবার’—এই স্লোগান সামনে রেখে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং তাদের প্রত্যাশার কথা শুনছেন।
স্থানীয় কয়েকজন মুরব্বি জানান, মরহুম নুরুল ইসলাম চেয়ারম্যান হিসেবে এলাকায় দীর্ঘদিন জনপ্রিয় ছিলেন। জনস্বার্থের বিভিন্ন কর্মকাণ্ডে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখার পাশাপাশি ন্যায়বিচারের ক্ষেত্রেও অবিচল ছিলেন। তাদের ভাষ্য, বাবার মতোই তার ছেলে আনিসুল হক বাচ্চুও মানুষের পাশে থাকার চেষ্টা করছেন।
স্থানীয়দের কেউ কেউ মনে করেন, ইউনিয়নের জন্য এখন প্রয়োজন নতুন, শিক্ষিত, সৃজনশীল ও কর্মঠ নেতৃত্ব। তাদের মতে, বাচ্চু রাজনৈতিকভাবে সচেতন এবং সাধারণ মানুষের কথা ধৈর্য ধরে শোনেন। বিপদে-আপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণেও স্থানীয়দের একটি অংশ তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী।
সচেতন মহলের কয়েকজনের মতে, মরহুম নুরুল ইসলামের দীর্ঘদিনের জনপ্রিয়তা এবং আনিসুল হক বাচ্চুর তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তি—দুইয়ের সমন্বয়ে আসন্ন নির্বাচনে তিনি আলোচনার গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছেন।
তবে শেষ পর্যন্ত ভোটের মাঠে মানুষের আস্থা কে অর্জন করবেন, সেটিই হবে মূল বিষয়। আপাতত বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে নতুন নেতৃত্বের প্রত্যাশার সঙ্গে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনিসুল হক বাচ্চুর নামই বেশ আলোচিত হচ্ছে।



















