
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁর ধামইরহাটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে ধামইরহাট উপজেলার ধুরাইল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে জেলা গোয়েন্দা পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ধুরাইল গ্রামের ফয়সাল আহমেদের বাড়িতে অভিযান চালায়।
এ সময় উপস্থিত লোকজনের সামনে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে মুরগির ঘরের পাশে ভাঙা টিনের স্তূপের মধ্যে বিশেষ কায়দায় রাখা একটি শপিং ব্যাগ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে ফয়সাল আহমেদ (৩২)কে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, মাদক সংরক্ষণ ও বিক্রির কাজে সহায়তার অভিযোগে একই গ্রামের আবু বক্করের ছেলে মনোয়ার হোসেন (২০)কেও আটক করা হয়েছে।
আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধামইরহাট থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



















