কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা বহনকারী সন্দেহভাজন ৭-৮ জনকে আটক করা সম্ভব হয়নি।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ৯টা ১০ মিনিটের দিকে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন বালুখালী ও পালংখালী বিওপির বিশেষ টহলদল যৌথভাবে আঞ্জুমানপাড়া ও ফাইসাখালী এলাকায় অবস্থান নেয়।
বিজিবি জানায়, রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে থার্মাল ইমেজারের মাধ্যমে টহলদল ৭-৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখতে পায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা হাতে থাকা পাঁচটি বস্তা ফেলে দ্রুত পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবির টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া পাঁচটি বস্তা উদ্ধার করে। বস্তাগুলোর ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোট ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
পালিয়ে যাওয়া ব্যক্তিদের আটক করতে বিজিবি সদস্যরা ওই এলাকায় আরও অভিযান পরিচালনা করলেও তাদের আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, উদ্ধার করা ইয়াবার সঙ্গে জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।














