নিজস্ব প্রতিবেদক:
মানুষ অসুস্থ হওয়ার পর চিকিৎসার পেছনে দৌড়ানোর চেয়ে রোগ প্রতিরোধের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাকেই বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বুধবার (২০ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে দেশব্যাপী ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় টিকাদান কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি একজন প্রতিবন্ধী ব্যক্তিকে টিকা দিয়ে দেশব্যাপী এ কর্মসূচি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
ড. এম এ মুহিত বলেন, চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর দেওয়া হলে মানুষ যেমন সুস্থ থাকবে, তেমনি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার ওপর রোগীর বাড়তি চাপও কমে আসবে।
স্বাস্থ্য খাতের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, দেশের ইতিহাসে এবারের বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি উপজেলায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করার কাজ পুরোদমে এগিয়ে চলছে।
কলেরা ও ডায়রিয়াজনিত অসুস্থতা প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এটি সহজে গ্রহণযোগ্য একটি ওরাল (মুখে খাওয়ার) ভ্যাকসিন। শহর থেকে দূরবর্তী গ্রাম, দুর্গম চরাঞ্চল কিংবা পাহাড়ের প্রত্যন্ত জনপদ—প্রতিটি মানুষের কাছে এ টিকা পৌঁছে দিতে হবে। এ জন্য সব সামাজিক সংগঠন ও স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে টিকাদান কর্মসূচিকে একটি কার্যকর ‘সামাজিক আন্দোলনে’ রূপ দেওয়ার আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এম এ মুহিত বলেন, শুধু টিকা গ্রহণ করলেই হবে না; কলেরা ও ডায়রিয়ার মতো মারাত্মক পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে তিনটি বিষয় কঠোরভাবে মেনে চলতে হবে।
তিনি বলেন, পান করা, রান্না এবং দৈনন্দিন গৃহস্থালির প্রতিটি কাজে শতভাগ বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। বৈশ্বিক ‘ওয়াশ’ নির্দেশিকা অনুযায়ী নিয়মিত ও সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি খোলা স্থানে মলত্যাগ বন্ধ করে সারা দেশে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে হবে।
দেশব্যাপী সফলভাবে পরিচালিত সাম্প্রতিক হামের টিকাদান কর্মসূচির প্রসঙ্গ তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, স্বাস্থ্যকর্মী ও সামাজিক সহযোগিতায় ওরাল কলেরা টিকাদান কর্মসূচিও শতভাগ সফল হবে।














