
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
গ্রেফতাররা হলেন—মোহাম্মদ ফোরকান (৩৫) ও ইমরান শাহরিয়ার (২৫)।
গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল শ্যামপুর থানাধীন ধোলাইপাড় গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় শ্যামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য বলে জানা গেছে। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে শ্যামপুর থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে পুলিশকে জানিয়েছেন।
পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় জানা যায়, গ্রেফতার মোহাম্মদ ফোরকানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা রয়েছে। অপর গ্রেফতার ইমরান শাহরিয়ারের বিরুদ্ধে রয়েছে একটি মামলা।
গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।



















