
মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় একটি প্রাইভেট কার তল্লাশি করে ২৪ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় গাড়িতে থাকা দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২১ লাখ ১ হাজার ৯৮৯ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, ১০ বিজিবির অধীন শিবেরবাজার বিওপির একটি টহল দল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে সীমান্ত থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবেরবাজার এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশি করা হয়। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক দুজন এবং জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





















