
আকিকুর রহমান রুমন, বানিয়াচং (হবিগঞ্জ):
হবিগঞ্জের বানিয়াচংয়ে মারামারি মামলায় গ্রেপ্তার দুই আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে হামলা ও ধস্তাধস্তির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে পুলিশের দায়ের করা মামলায় তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার ৬
কাগাপাশা ইউনিয়নের গাজীপুর, লুহাজুরি, বাঘহাতা, আনন্দ বাজার, মিলন বাজারসহ আশপাশের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গাজীপুর গ্রামের একটি মারামারির মামলায় আনফর আলীর ছেলে মুশাহিদ এবং আনছার আলীর ছেলে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে কয়েকজনের হামলা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। তবে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা সফল হয়নি।
পরে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হকের নেতৃত্বে অর্ধশতাধিক পুলিশ সদস্য বিভিন্ন এলাকায় অভিযান চালান। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—৬ নম্বর কাগাপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাঘহাতা শান্তিপুর গ্রামের আব্দুর রহমান, আলাল মিয়া ও মোতব্বির মিয়া।
স্থানীয় ও প্রশাসন-সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিএনপি নেতা মাহফুজ উদ্দিনসহ ৮ থেকে ১০ জন এ ঘটনায় জড়িত ছিলেন। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হকের সঙ্গে বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মারামারির মামলায় মুশাহিদ ও নজরুল ইসলামকে গ্রেপ্তারের পর তাঁদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলেও আসামিদের ছিনিয়ে নিতে পারেনি সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ওসি আরও জানান, এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। ২৩ অক্টোবর পুলিশের দায়ের করা মামলায় তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



















