
আবুবকর সিদ্দিক,সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় হরগজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন খান জ্যোতিকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হরগজ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আনোয়ার হোসেন খান জ্যোতি সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপনের আপন মামাতো ভাই।
আনোয়ার হোসেন খান জ্যোতি উপজেলার হরগজ ইউনিয়নের বালুরচর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এর আগে তিনি হরগজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইনে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আনোয়ার হোসেন খান জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আনোয়ার হোসেন খান জ্যোতিকে বিচারের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



















