
খোরশেদ আলম, সাভার প্রতিনিধি:
শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রীতি গ্রুপের পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ফায়ার সার্ভিস সিলিন্ডারভর্তি লরির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহত অপর দুজনের একজন জয়নাব বেগম। তিনি ওই সময় পথচারী হিসেবে সেখানে ছিলেন। অপরজন দুলাল নামে এক সবজি বিক্রেতা। বিস্ফোরণের ঘটনায় আহত দুলাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বর্তমানে নিহতদের মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ একটি লিখিত বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, কারখানার মূল ভবন থেকে প্রায় ৫০০ ফুট দূরে সিলিন্ডারভর্তি একটি লরিতে আগুনের সূত্রপাত হয়। সামনে দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের ট্রান্সফরমার থেকে সৃষ্ট স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ।
বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় কারখানায় কর্মরত কোনো শ্রমিক বা কর্মকর্তা আহত কিংবা নিহত হননি। নিহত ও আহতরা সবাই কারখানার বাইরে সিলিন্ডার পরিবহন কাজে নিয়োজিত পরিবহন শ্রমিক ও পথচারী ছিলেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ।



















