
মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজীবাড়ির বড় পুকুর থেকে সোহাগ (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১০ অক্টোবর) সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোহাগ ওই বাড়ির কাজী নাদেরুজ্জামানের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামে। বাবার নাম আব্দুল মানিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের আগে চিওড়া কাজীবাড়ির বড় পুকুরে গোসল করতে নামেন সোহাগ। এরপর তিনি নিখোঁজ হন। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে চাঁদপুরের নদী ফায়ার স্টেশনের একটি ইউনিটও অভিযানে অংশ নেয়।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজে নামে। সকাল ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর সকাল ১০টা ৫০ মিনিটে পুকুর থেকে সোহাগের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি চৌদ্দগ্রাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মেহেদী হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে সোহাগের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।




















