
শাহিন মিয়া-গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯ বছরের শিশু মরিয়মকে ধর্ষণের অভিযোগে রাজু মিয়াকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের জামালপুর বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধনে অভিযোগ করা হয়, গত ১৪ আগস্ট ঘাসফুল দেওয়ার কথা বলে শিশু মরিয়মকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন রাজু মিয়া। পরদিন ১৫ আগস্ট শিশুটির বাবা মধু মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
তবে মামলা দায়েরের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও নানা অজুহাতে পুলিশ অভিযুক্ত রাজু মিয়াকে গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করেন মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী।
মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সাদিকুল ইসলাম, জামায়াতে ইসলামী তালুক-কানুপুর ইউনিয়নের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, মুফতি হাবিবুর রহমানসহ অন্যান্যরা।



















