
সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া একাধিক মামলার আসামি আসির মিয়াকে (৩৫) পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শান্তিগঞ্জ থানার এসআই নুরুদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসির মিয়াকে গ্রেপ্তার করেন। পরে তাকে থানায় নেওয়ার পথে আসামির আত্মীয়-স্বজন ও স্থানীয় কয়েকজন লোক পুলিশের কাজে বাধা দেন।
একপর্যায়ে প্রায় ৪০ থেকে ৫০ জন লোক ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ আসির মিয়াকে ছিনিয়ে নেওয়া হয়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে শান্তিগঞ্জ থানার এসআই মোহাম্মদ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সুনামগঞ্জের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পানসী রেস্টুরেন্টের ভেতর থেকে আসির মিয়াকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি তদন্তাধীন।



















