
শাহিন মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় কর্মরত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা মডেল মসজিদের মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এমপি।
সভায় বক্তব্য দেন গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মিরাজুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি মো. খন্দকার জিয়াউল ইসলাম, জেলা বিএনপির সাবেক সম্পাদক কামরুল হাসান সেলিম, বিএনপি নেতা অ্যাডভোকেট হানিফ বেলাল ও শিক্ষক সাখাওয়াত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আলেম-ওলামাদের বিশেষ প্রশিক্ষণের জন্য ইসলামিক একাডেমি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহনশীল রাজনৈতিক ধারা চালুর ফলে দেশ এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ধর্মীয় মূল্যবোধকে আরও এগিয়ে নিতে আলেম-ওলামাদের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী।



















