
শাহিন মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর চরপাড়া গ্রামে আদালতের নির্দেশে দখলমুক্ত করা জমি প্রকৃত মালিক শাহিনুর শাহিনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
আদালতের নির্দেশনা অনুযায়ী, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে জমি হস্তান্তরের কার্যক্রম পরিচালনা করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিফাইতপুর চরপাড়া গ্রামের শাহিনুর শাহিনের মালিকানাধীন জমিটি দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্রের দখলে ছিল বলে অভিযোগ রয়েছে। জমির মালিকানা ও স্বত্ব প্রতিষ্ঠার জন্য পরবর্তী সময়ে আদালতের শরণাপন্ন হন শাহিনুর শাহিন।
মামলার নথিপত্র, দলিল ও শুনানি পর্যালোচনা শেষে আদালত শাহিনুর শাহিনের পক্ষে রায় দেন এবং জমিটি তাঁর কাছে হস্তান্তরের নির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরে আদালতের নির্দেশনা অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জমির সীমানা পরিমাপ করে দখলমুক্ত করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে জমির দখল বুঝিয়ে দেওয়া হয় শাহিনুর শাহিনকে।
জমি ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করে শাহিনুর শাহিন বলেন, “দীর্ঘদিন পর হলেও আদালতের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি। আমার জমি বেআইনিভাবে দখলে রাখা হয়েছিল। আদালতের রায় বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”




















