
সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তরং গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. উস্তার আলী আখঞ্জি আর নেই। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শনিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাজা শেষে নিজ গ্রামের পঞ্চায়েত কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় শ্রীপুর বাজারে বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী আখঞ্জিকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। তাহিরপুর থানা পুলিশের সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ আনুষ্ঠানিকতায় অংশ নেয়।
এ সময় তাহিরপুর উপজেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে প্রকৌশলী আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও বীর মুক্তিযোদ্ধা নওশাদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গার্ড অব অনার শেষে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রামের পঞ্চায়েত কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখা উস্তার আলী আখঞ্জি কর্মজীবনে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। নিজ গ্রামের তরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে তাঁর কর্মজীবনের সূচনা হয়। পরবর্তীতে নয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং কর্মরত অবস্থায় অবসর গ্রহণ করেন।
দীর্ঘ শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রসারে ভূমিকা রাখা এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের বড় ছেলে সাংবাদিক শামসুল আলম আখঞ্জি টিটু জানান, বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন তাঁর বাবা। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা মো. উস্তার আলী আখঞ্জি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জুনাব আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম (সুবল), সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কালাম, টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের সভাপতি সাংবাদিক-গীতিকবি রাজু আহমেদ রমজান, সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির, সাংবাদিক রুকন মিয়া, সাংবাদিক সৈকত আহমদসহ বিশিষ্টজনেরা।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকেও তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “বীর মুক্তিযোদ্ধা মো. উস্তার আলী আখঞ্জি ছিলেন একজন আদর্শ শিক্ষক ও দেশপ্রেমিক। মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”



















