
বিশেষ প্রতিনিধি:
নেত্রকোনায় লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। একটি দোকানের সামনে অবস্থানকালে দুই যুবকের গুলিতে তিনি নিহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি। ওই পেজে স্থানীয় বিভিন্ন অনিয়ম ও অপরাধের ঘটনা প্রকাশ করতেন। তাঁর গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন রাতে তেলনজিয়া বাজারের একটি দোকানে চা পান শেষে বাসার দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন লুৎফুজ্জামান। এ সময় দুই যুবক দোকানে এসে সিগারেট চান। পরে তাঁরা হঠাৎ তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন।
গুলির শব্দে বাজারের আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কিছু দূরে রাখা একটি মোটরসাইকেলে চড়ে তাঁরা পালিয়ে যান। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ সাংবাদিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, নিহতের মাথা, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে মোট পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তিনি জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান চলছে।
নিহত সাংবাদিকের ওপর এর আগেও হামলার ঘটনা ঘটেছিল। গত বছরের ১০ নভেম্বর দুপুরে সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। সে সময় তাঁকে কুপিয়ে জখম করা হয়েছিল। আগের ওই হামলার পর এবার গুলিতে তাঁর মৃত্যুর ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।





















