
মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি | ২৮ সেপ্টেম্বর ২০২৬ইং
কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে বনফুল ডিপার্টমেন্টাল স্টোর সুপারশপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সুপারশপটির প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে সুপারশপের ভেতর থেকে রহস্যজনকভাবে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ডিপার্টমেন্টাল স্টোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
দোকানের মালিক ফয়সাল জানান, সকালে আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত ডিপার্টমেন্টাল স্টোরে আসেন। এসে দেখেন, দোকানের ভেতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের ভয়াবহতায় কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। এতে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।
বিপুল পরিমাণ মালামাল পুড়ে যাওয়ায় দোকানের মালিককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, সোমবার সকাল ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।



















