
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার আক্তাপাড়ার মিনা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে মিনা বাজার থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয়দের বিভিন্ন পরিচ্ছন্নতামূলক কার্যক্রমে অংশ নিতে দেখা যায়।
র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুফি মিয়া, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান এবং আক্তাপাড়া ফাজিল মাদ্রাসার সুপার মইনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।




















