
সাজিদুর রহমান, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উপলক্ষে হবিগঞ্জের বাহুবলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহেল মারুফ ফারুকী। বক্তব্য দেন সহকারী সার্জন ডা. মোহাম্মদ আলমগীর, ডা. মিজানুর রহমান শাহীনসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে ডা. আবদুল্লাহেল মারুফ ফারুকী বলেন, সর্পদংশনের বিজ্ঞানসম্মত চিকিৎসা এখন বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ব্যবস্থাপনায় দেওয়া হচ্ছে। সর্পদংশনে আক্রান্ত ব্যক্তিরা প্রয়োজনীয় অ্যান্টিস্নেক ভেনমসহ জরুরি চিকিৎসাসেবা নিতে সপ্তাহের প্রতিদিন যেকোনো সময়ে জরুরি বিভাগে যেতে পারবেন।
তিনি বলেন, সময়ক্ষেপণ না করে দ্রুত চিকিৎসা গ্রহণ করা হলে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও দীর্ঘমেয়াদি অক্ষমতার ঝুঁকি বহুলাংশে কমানো সম্ভব। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।


















