
অলিউর রহমান মিরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে উল্লেখ করে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, প্রতিটি পাড়া-মহল্লা, গ্রাম ও ওয়ার্ডে মাদকবিরোধী কমিটি গঠন করে মাদক নির্মূলে সবাইকে ভূমিকা রাখতে হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে কুশদহ ইউনিয়ন বিএনপি।
মন্ত্রী বলেন, সমাজের মুরব্বি, আনসার বাহিনী, গ্রাম পুলিশ এবং স্কুল-কলেজের শিক্ষকসহ সবাইকে মাদক প্রতিরোধে সম্পৃক্ত হতে হবে। কোনো অবস্থাতেই মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না। যারা মাদক বিক্রি বা সেবনের সঙ্গে জড়িত, তাদের বিষয়ে প্রশাসনকে জানাতে হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, এলাকায় যাতে মাদক কেনাবেচা ও সেবনের সুযোগ না থাকে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। একই সঙ্গে মোবাইল ফোনে জুয়া খেলার প্রবণতা নিয়েও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, মোবাইল ফোন যেমন ভালো কিছু শেখার সুযোগ তৈরি করে, তেমনি এর অপব্যবহারে শিশু-কিশোরদের মধ্যে নানা ধরনের ক্ষতিকর অভ্যাস তৈরি হতে পারে। তাই সন্তানদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
তিনি বলেন, খারাপ অভ্যাসের কারণে একটি পরিবারও ধ্বংস হয়ে যেতে পারে। সন্তানরা যাতে মাদক, জুয়া কিংবা অন্যান্য ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে। পড়াশোনার পাশাপাশি সন্তানদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সন্তানদের মানসিকভাবে সুস্থ ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। তাদের পর্যাপ্ত সময় দিতে হবে এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। সন্তানরা ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারলেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
কুশদহ ইউনিয়ন বিএনপির সভাপতি ও কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল আজিম আনুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















