
আকিকুর রহমান রুমন, বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তাহির মিয়া (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই ভাই ও স্ত্রী আহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ৮ নম্বর খাগাউড়া ইউনিয়নের কুর্শা খাগাউড়া গ্রামের চালবন হাওড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত তাহির মিয়া কুর্শা খাগাউড়া গ্রামের রাজপাড়া এলাকার মৃত তাজিমুল্লার ছেলে। আহতরা হলেন নিহতের আপন দুই ভাই শহীদ মিয়া (৪৫) ও আনু মিয়া (৩৮) এবং তার স্ত্রী স্বপনা বেগম (৩৫)।
স্থানীয় ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকালে তাহির মিয়া তার দুই ভাই শহীদ মিয়া ও আনু মিয়াকে নিয়ে চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করতে যান। এ সময় তাদের প্রতিবেশী চাচা ও চাচাতো ভাই জাহির উল্লাহ, শরীফ, বক্করসহ কয়েকজন তাদের কাজে বাধা দেন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে তাহির মিয়াসহ চারজন আহত হন।
পরে স্বজনরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাহির মিয়ার অবস্থার অবনতি হলে পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহির মিয়ার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।



















