
নিজস্ব প্রতিবেদকঃ
মাদকের বিরুদ্ধে তরুণ সমাজকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি।
তিনি বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশের মেধাশক্তি ধ্বংসের অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার লক্ষীপুর টাউন হল মিলনায়তনে সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘আমাদের দেশকে মেধাশূন্য করার জন্য আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেওয়া হয়। তারা আমাদের ভাবমূর্তি, অর্জন ও মেধাকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত।’ এ অবস্থায় মাদকের বিরুদ্ধে তরুণদের আরও বেশি সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, একটি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নির্বাচনের পর তারা দায়িত্ব নিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের পেনশন জটিলতা নিরসন করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, নারী সমাজকে এগিয়ে নিতে এবং শিক্ষার হার বাড়াতে মেয়েদের স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে লক্ষীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার চার শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ তুলে দেন মন্ত্রী।
লক্ষীপুর সোসাইটির সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু, লক্ষীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ইউসুফসহ সংশ্লিষ্টরা।


















