
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁর বদলগাছীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে নওগাঁজুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় বুধবার (২৬ আগস্ট) দিনগত রাতে বদলগাছী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালায় নওগাঁ ডিবি পুলিশের একটি দল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, বদলগাছী থানাধীন হলুদ বিহার গ্রামের একটি বাড়িতে মাদক বিক্রি করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে ময়েন উদ্দিনের ছেলে সুমন হোসেন (৩৬)-এর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সুমন হোসেনের দেহ তল্লাশি করে তার পরনের প্যান্টের পকেট থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় সুমন হোসেনসহ তার দুই সহযোগীকে আটক করে ডিবি পুলিশ।
আটক অপর দুজন হলেন—বদলগাছী থানাধীন কোলার পালশা গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে গোলাম মোস্তফা (২৮) এবং খামার আক্কেলপুর গ্রামের মৃত শাজাহানের ছেলে আবুল কাশেম (৪৬)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে নওগাঁর বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বৃহস্পতিবার (২৭ আগস্ট) তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়।


















