
মেহেদী হাসান বাবু, ব্যুরো প্রধান, গাইবান্ধা:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদকের বিস্তার রোধ ও মাদক নির্মূলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে মাদক সরবরাহ ও বিক্রির উৎস বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; নিয়মিত নজরদারি, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এসএম ইব্রাহিম আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিন হাসান খাজা ও মিঠু ভুঁইয়া, উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জাহিদ হাসান জীবন, উদাখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নাজিমুল মোহিদ নয়ন, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার, শিক্ষক নাজিম উদ্দীন ও আব্দুল ওয়াহেদ, বিএনপি নেতা এনামুল হক, হাসান আলী, খলিলুর রহমানসহ অনেকে।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।





















