
মনোয়ার হোসেন,কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তি। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রচারিত বিভিন্ন অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ জানিয়েছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) কুমিল্লা নগরীর হিলটন টাওয়ারের ক্যাপসিক্যাম হোটেলের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আব্দুল কুদ্দুস। তিনি চৌদ্দগ্রাম উপজেলার ২নং উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর এলাকার মৃত আবুল বাশারের ছেলে।
সংবাদ সম্মেলনে আব্দুল কুদ্দুস বলেন, গত ২১ অক্টোবর তাঁর সৎ ভাই আব্দুল ওয়াদুদ ও চাচাতো ভাই ফারুক পারভেজ তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। এসব অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, আব্দুল ওয়াদুদের অর্থ-সম্পদ বা সম্পত্তি আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
সম্পত্তির হিসাব তুলে ধরে আব্দুল কুদ্দুস বলেন, এ বিষয়ে আব্দুল ওয়াদুদের দেওয়া হিসাব সঠিক নয়। তাঁর কাছে বিভিন্ন দলিল, খতিয়ান ও জমি বিক্রির তথ্য রয়েছে। তাঁর হিসাব অনুযায়ী, আব্দুল ওয়াদুদের মালিকানাধীন জমির পরিমাণ ২৭ দশমিক ৪৩৫ শতক। বিপরীতে বিভিন্ন দলিলের মাধ্যমে ৩০ দশমিক ৯২৫ শতক জমি বিক্রি করা হয়েছে এবং বাড়ি ও বসতভিটায় ৭ দশমিক ৩৭৫ শতক জমি দখলে রয়েছে। তাঁর দাবি, হিসাব অনুযায়ী আব্দুল ওয়াদুদ ১০ দশমিক ৮৬৫ শতক জমি বেশি ভোগদখল করছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দলিলপত্র ও ভূমির রেকর্ড যাচাই করে প্রকৃত হিসাব নির্ধারণের দাবি জানান তিনি।
আব্দুল কুদ্দুস আরও অভিযোগ করেন, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে গত ১৯ অক্টোবর থেকে কয়েক দফায় তাঁর পৈতৃক ওয়ারিশসূত্রে পাওয়া জায়গা দখল, বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আব্দুল ওয়াদুদ, ফারুক পারভেজ, সামছু মিয়াসহ কয়েকজন জড়িত বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, এসব ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়াসহ পুলিশের সহযোগিতা চেয়েও প্রতিকার পাননি। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাঁর বসতঘরের থাই জানালা ও কাচ ভাঙচুরসহ বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, ফারুক হোসেনের ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেন আব্দুল কুদ্দুস। তিনি বলেন, তাঁর বাড়ির পেছনে অনুমোদন ছাড়া ভেকু দিয়ে মাটি কেটে পুকুর খনন করা হচ্ছিল। এতে তাঁর দোতলা ভবন ঝুঁকিতে পড়ার আশঙ্কায় তিনি বাধা দেন। এ ঘটনার জেরেই তাঁর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আব্দুল কুদ্দুস বলেন, তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা প্রমাণসহ প্রকাশ করা হোক। একই সঙ্গে জমি দখল, ভাঙচুর ও অন্যান্য ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুল ওয়াদুদ বলেন, “আমি পরে বলমু, আমি একটু কাজে আছি এখন। এক জায়গায় বইছি আমরা।”
অন্যদিকে, ফারুক পারভেজ বলেন, “বলার মতো কিছু নাই। ওনারটা ওনি বলেছে, বলতে দেন।”
সংবাদ সম্মেলনে আব্দুল কুদ্দুসের সহোদর দুই ভাই মো. ইউনুছ ও হাফেজ মো. ইকবাল উপস্থিত ছিলেন।





















