
মধ্যনগর উপজেলা প্রতিনিধি সুনামগঞ্জ
সুনামগঞ্জের হাওরবেষ্টিত মধ্যনগর উপজেলার ২ নম্বর দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের রৌহা গ্রামের সন্তান রায়হান উদ্দিন সোহেল। ইসমাইল হোসেন ও রোকেয়া বেগমের ঘরে ১৯৮০ সালে জন্ম নেওয়া এই মানুষটি শৈশব থেকেই হাওরাঞ্চলের প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম করে বেড়ে উঠেছেন।
হাওর-বৃষ্টিতে ঘেরা প্রত্যন্ত জনপদে প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সম্পন্ন করেন তিনি। জীবনের নানা চড়াই-উতরাই অতিক্রম করে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন রায়হান উদ্দিন সোহেল।
শিক্ষাজীবন শেষ করে তিনি ছাত্ররাজনীতিতে যুক্ত হন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই সংগঠনের প্রতি দায়িত্বশীল থেকে কাজ করার চেষ্টা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রায়হান উদ্দিন সোহেলের রাজনৈতিক পথচলা সবসময় মসৃণ ছিল না। তাঁর ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক প্রতি হিংসার কারণে বিভিন্ন সময়ে মামলা, হামলা ও কারাবরণের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও তিনি রাজনীতি থেকে সরে যাননি এবং জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকেছেন।
বর্তমানে তিনি মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় থাকার চেষ্টা করছেন রায়হান উদ্দিন সোহেল। বিশেষ করে দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের মানুষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা, সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক সমস্যা এবং এলাকার অবহেলিত মানুষের নানা দাবি-দাওয়া নিয়ে কাজ করার কথা জানিয়েছেন তিনি।
হাওরাঞ্চলের মানুষের জীবনযাত্রা, যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও চিকিৎসাসহ নানা মৌলিক সমস্যার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় রয়েছে তাঁর। ফলে নিজ এলাকার মানুষের সমস্যা সমাধানে ভূমিকা রাখাকে তিনি রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ হিসেবে দেখছেন বলে তাঁর বক্তব্যে উঠে এসেছে।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের মানুষের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন রায়হান উদ্দিন সোহেল। নির্বাচিত হলে ইউনিয়নের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
রাজনীতির মাঠে দীর্ঘ পথচলা, প্রতিকূলতার মধ্যেও সক্রিয় থাকা এবং এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয়— এসব নিয়েই রায়হান উদ্দিন সোহেল এগিয়ে যেতে চান। তাঁর প্রত্যাশা, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের মানুষ আগামী দিনের পথচলায় তাঁকে পাশে রাখবেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে একসঙ্গে কাজ করার সুযোগ দেবেন।
















