
জাহাঙ্গীর আলম চৌধুরী -সুনামগঞ্জ:
২৭ সেপ্টেম্বর ২০২৬
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলা বিএনপি এবং বিভিন্ন উপজেলা, পৌরসভা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হকের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, নাদীর আহমদ, আকবর আলী, আনিসুল হক, রেজাউল হক, শামসুল হক নমু, আ.ত.ম. মিসবাহ, আবুল কালাম আজাদ, নাসিম উদ্দিন লালা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, প্রথম যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলমসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে সভাপতির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জেও এ কর্মসূচি পালন করা হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির বক্তব্য অনুযায়ী, বিগত সরকারের সময়ে দেশে লুটপাট, গুম ও হত্যার ঘটনা ঘটেছে এবং জনরোষের মুখে তৎকালীন সরকারপ্রধান দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আবার কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে বলেও তিনি মন্তব্য করেন।




















