
সাজিদুর রহমান, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগে মিঠুন সাঁওতাল নামে এক ট্রাক্টর চালককে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত মিঠুন সাঁওতাল উপজেলার ফয়জাবাদ বাগানের মনোজ সাঁওতালের ছেলে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হরিতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মিঠুন সাঁওতালকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে সন্ধ্যায় উপজেলার হামিদনগর আলী মসজিদের সামনে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আনুমানিক দুই হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় এ তথ্য জানিয়েছেন।
পৃথক দুটি অভিযানে বাহুবল মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করে।
এদিকে, বাহুবলের হরিতলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানের কথা বলা হলেও তা পুরোপুরি বন্ধ হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বালু উত্তোলন ও পাচারের সঙ্গে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের অসাধু ব্যক্তিদের যোগসাজশ রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ছাড়া বালু উত্তোলন ও পাচারকে কেন্দ্র করে বাহুবলে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।




















