
সাজিদুর রহমান, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও দখলকে কেন্দ্র করে সিএনজি ও টমটম শ্রমিকদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় উপজেলা সদর এলাকা রণক্ষেত্রে পরিণত হলে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা সদরের টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ, টমটমে যাত্রী ওঠানামা এবং চালকদের কাছ থেকে আদায় করা বিভিন্ন ফি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে গত কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় উভয় পক্ষের লোকজন পরস্পরকে ধাওয়া করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত কয়েকজনকে বাহুবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
অপর একটি সূত্র জানায়, বাহুবল-রামপুর-ফয়জাবাদ রুটে চলাচলকারী টমটমে যাত্রী ওঠানামা নিয়ে সিএনজি চালকদের সঙ্গে টমটম শ্রমিকদের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেও সংঘর্ষের সূত্রপাত হতে পারে বলে জানা গেছে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার বলেন, ‘পূর্ববিরোধের জেরে টমটম ও সিএনজি শ্রমিকরা সংঘর্ষে জড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
সংঘর্ষের পর উপজেলা সদরে অতিরিক্ত পুলিশি নজরদারি রাখা হয়েছে বলে জানা গেছে। তবে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।




















