
নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে মাদকসহ এক পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া ও মৌলভীবাজার সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. নজরুল ইসলাম খান (৪১)। তিনি সিলেটের ওসমানীনগর থানার ইব্রাহীমপুর গ্রামের মৃত কমর উদ্দিন খানের ছেলে। অপরজন মুমিন মিয়া প্রকাশ মনা (১৯)। তিনি মৌলভীবাজারের কুলাউড়া থানার ৮ নম্বর ইউনিয়নের মনরাজ গ্রামের মছলু মিয়ার ছেলে।
কুলাউড়ায় ২০৫ পিস ইয়াবা উদ্ধার
পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে কুলাউড়া থানাধীন ৮ নম্বর ইউনিয়নের মনরাজ এলাকায় পলাতক আসামি কাউছার মিয়ার বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মুমিন মিয়া প্রকাশ মনাকে গ্রেফতার করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় পলাতক কাউছার মিয়ার হাত থেকে পড়ে যাওয়া কালো পলিথিনের প্যাকেট থেকে আরও ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে এ অভিযানে ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সদর এলাকায় আরও ১৪০ পিস ইয়াবা উদ্ধার
এরপর রাত পৌনে ৯টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ আজিজুল গাফফারের নেতৃত্বে মৌলভীবাজার সদর মডেল থানাধীন শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন সিটি কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালানো হয়।
অভিযানে মো. নজরুল ইসলাম খানকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে একটি কালো রঙের বায়ুরোধক জিপারযুক্ত প্যাকেট থেকে ১৪০ পিস কথিত ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, এ ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি কাউছার মিয়াকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



















