
নিজস্ব প্রতিবেদক:
পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক অবকাঠামোকে আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে সেতু ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে সেতু ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। এ সময় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সেতু ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা সেখানে বৃক্ষরোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নান্দনিক ও পরিবেশবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
পরে সেতু ভবনে নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন করা হয়। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন অডিটোরিয়ামটি দাপ্তরিক সভা, সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ, মতবিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক কার্যক্রমে ব্যবহার করা হবে।
কর্তৃপক্ষের মতে, অডিটোরিয়ামটি চালু হওয়ায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অভ্যন্তরীণ যোগাযোগ, জ্ঞানবিনিময় এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও গতিশীল হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উন্নয়ন কার্যক্রম, উদ্ভাবনী উদ্যোগ ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি বলেন, বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষাকেও সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দায়িত্ব শুধু বড় বড় সেতু বা অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব সংস্কৃতি গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দিতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচি ও আধুনিক অডিটোরিয়াম উদ্বোধন টেকসই উন্নয়ন এবং দাপ্তরিক গতিশীলতা অর্জনের যাত্রায় গুরুত্বপূর্ণ উদ্যোগ বলেও উল্লেখ করেন তিনি।
কর্মকর্তা-কর্মচারীদের কাজের অনুকূল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সেবার মান আরও উন্নত করে তা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। একই সঙ্গে প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে গতিশীলতা আনা এবং সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে আধুনিক ও টেকসই অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি ও নবনির্মিত অডিটোরিয়াম উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিবেশবান্ধব ও আধুনিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগের সূচনা হলো।


















