
বিল্লাল আহমেদ-লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের লাখাই উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে তারেক হাসান যোগদান করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিনি লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তারেক হাসান ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি ঝিনাইদহ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
সম্প্রতি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি ও পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে তাকে নির্ধারিত সময়ের মধ্যে পূর্বের কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়।
তারেক হাসানের জন্মস্থান নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত।
এদিকে, নতুন ইউএনও হিসেবে তারেক হাসান লাখাইয়ে যোগদানের পর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। উপজেলা কমপ্লেক্সের সামনে কর্মকর্তা-কর্মচারীরা নবনিযুক্ত ইউএনওকে ফুল দিয়ে স্বাগত জানান।
নতুন ইউএনওর যোগদানের মধ্য দিয়ে লাখাই উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয়রা। জনসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে তার নেতৃত্বে নতুন গতি আসবে—এমন প্রত্যাশা তাদের।


















