
নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে সৎ ছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম ওই গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলে আশিকুর রহমান তার সৎ মা আয়েশা বেগমকে চাকু দিয়ে পেটে এলোপাতাড়ি আঘাত করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মহিন তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, এর আগেও আশিকুর রহমান বিভিন্ন সময় তার সৎ মাকে গালিগালাজ ও মারধর করতেন। এ ঘটনার পেছনে আশিকুর রহমানের নিজের মায়ের প্ররোচনা থাকতে পারে বলেও স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন। তবে এ বিষয়ে পুলিশের তদন্তের পরই প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















