
মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় চাঁদা না পেয়ে নির্মাণসামগ্রী জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে মোমিন আহমেদ ভূঁইয়া ওরফে ‘কানা মমিন’ (৩৮) নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় নির্মাণসামগ্রী নিতে আসা একটি ট্রাকও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ঠাকুরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজির চেষ্টাকালে মোমিন আহমেদ ভূঁইয়া ওরফে ‘কানা মমিনকে’ গ্রেপ্তার করে। অভিযানে তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে নির্মাণাধীন ভবনের দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে চাঁদা না পেয়ে রড, সিমেন্টসহ নির্মাণসামগ্রী জোরপূর্বক নিয়ে যাওয়ার জন্য আনা একটি ট্রাক উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ঠাকুরপাড়া এলাকার নির্মাণাধীন ভবনগুলোকে লক্ষ্য করে চাঁদা দাবির অভিযোগ ওঠে ‘কানা মমিনের’ বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক ও ভবন মালিকদের ফোন করে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
এ ছাড়া রাতের আঁধারে বা সুযোগ বুঝে নির্মাণাধীন ভবনের ছাদের রড, রডের বান্ডিল এবং নির্মাণকাজে ব্যবহৃত বৈদ্যুতিক তার কেটে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন স্থানীয়রা।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার মোমিন আহমেদ ভূঁইয়া ওরফে ‘কানা মমিন’ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার মৃত নান্নু ভূঁইয়ার ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ পাঁচটির বেশি মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদে সে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সদস্য বলে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
গ্রেপ্তারের ঘটনায় ঠাকুরপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। :::




















