
সাজিদুর রহমান, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
দীর্ঘ এক যুগ পর হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাহুবল সদর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১২টি পদের মধ্যে ১০টি পদে ভোটগ্রহণ হয়। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৩ জন প্রার্থী। অপরদিকে প্রচার সম্পাদক পদে শিব্বির আহমেদ আখঞ্জি এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে শামছুদ্দিন মোঃ আসআদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনে ৫৪৭ জন ভোটারের মধ্যে ৫০৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাতে প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে মোঃ আব্দাল হোসেন ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আবুল কাশেম পেয়েছেন ২৩৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোঃ শাহজাহান তালুকদার ২৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল হক পেয়েছেন ১৭১ ভোট।
অন্যান্য নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি অমল কুমার ভট্টাচার্য্য ২২০ ভোট, সাংগঠনিক সম্পাদক আনোয়ার আলী ২৮০ ভোট, অর্থ সম্পাদক শাহ আলম ২৪৮ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়া ৩১৭ ভোট, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির ২৭৮ ভোট, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান ২৮৫ ভোট, মহিলা বিষয়ক সম্পাদক নূর জাহান শেফা ২৯৩ ভোট এবং শিক্ষা-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আহমদ হাসান ৩৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
দীর্ঘ এক যুগ পর প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক রণধীর চক্রবর্তী। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তাজুল ইসলাম ও হাবিবুর রহমান।



















