
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর শেরেবাংলা নগর থানার মানিক মিয়া এভিনিউ এলাকায় ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন (৫৬) নিহতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোঃ খোকন (৩৫) ও মোঃ রাজিব মাতুব্বর (৩৬)।
ডিবি জানিয়েছে, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, নিহতের ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই অভিযানে রাজিবের হেফাজত থেকে ৬২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৯ আগস্ট সকালে রনজিলা পারভিন স্বামী মোঃ আব্দুল মতিনের সঙ্গে রিকশায় করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন সড়ক দিয়ে যাচ্ছিলেন। মানিক মিয়া এভিনিউয়ের পূর্বপ্রান্তে ১২ নম্বর গেট পার হয়ে খেজুর বাগানের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা খোকন ও রাজিব তাদের অনুসরণ করতে থাকে।
খেজুর বাগানের সামনে পৌঁছালে মোটরসাইকেলের পেছনে থাকা খোকন রনজিলা পারভিনের হাতে থাকা ব্যাগ ধরে জোরে টান দেয়। এতে ভারসাম্য হারিয়ে তিনি চলন্ত রিকশা থেকে পাকা সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্বামী মোঃ আব্দুল মতিন (৫৩) বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।
ঘটনার পর থানা পুলিশের পাশাপাশি ডিবি তেজগাঁও বিভাগ ছায়াতদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্য সংগ্রহ এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়।
এরপর ঢাকা, সাভার ও মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে সরাসরি জড়িত থাকার অভিযোগে খোকন ও রাজিবকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের বড়বাগ এলাকা থেকে নিহতের ছিনতাই হওয়া ব্যাগ উদ্ধার করা হয়। পরে মিরপুর-১-এর কো-অপারেটিভ মার্কেট থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এছাড়া রাজিব মাতুব্বরের দেখানো মতে ভাষানটেকের দেওয়ান পাড়া এলাকা থেকে ছিনতাইয়ের সময় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
ডিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ছিনতাই ও হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


















