
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রূপনগর গ্রামবাসীর উদ্যোগে বিরাট র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ আগস্ট ২০২৬ইং বুধবার সকাল ১০টায় রূপনগর গ্রাম থেকে জশনে জুলুছ বের করা হয়। এতে হাজারো আশেকে রাসূল অংশ নেন। কালেমার পতাকা ও নবীজির শানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
যোহরের নামাজের পর রূপনগর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে সভাপতিত্ব করেন ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ মজিবুর মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও পীরে কামেল শাহ মো. ওমর ফারুক সিদ্দিকী পীর সাহেব। বিশেষ অতিথি ছিলেন সাবেক মেম্বার মোঃ শাহেদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন মো. ওয়াহাব মিয়া, মোঃ ওয়াজ করনি, মো. মনজুরুল হক, মোঃ মিনান্নোর নূর মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা।
প্রধান অতিথির বক্তব্যে শাহ মোঃ ওমর ফারুক সিদ্দিকী পীর সাহেব বলেন, “আজ আমরা যে মহান দিনে একত্রিত হয়েছি, এই দিনেই রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এই ধরার বুকে শুভাগমন করেছিলেন। ঈদে মিলাদুন্নবী শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের ঈমানের দাবি।”
তিনি আরও বলেন, “৩ নং ওয়ার্ডের সভাপতি মেম্বার মো. মজিবুর মিয়াসহ রূপনগর গ্রামবাসী ও কমিটির সকলকে এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন এবং আমাদের সবাইকে নবীজির শাফায়াত নসিব করেন।”
দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর শাফায়াত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়















