
বক্তব্যের শুরুতেই প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বলেন, তিনি পুরো অঞ্চলে রক্তপাত ও অস্থিরতা বজায় রাখার চেষ্টা করছেন। সেই সঙ্গে তিনি ঘোষণা দেন যে, তুরস্ক তার “রক্তপাতের চক্রান্ত” বাস্তবায়ন হতে দেবে না।
বিটলিসের আহলাতে মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান জানান, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং প্রতিবেশী দেশগুলোকে তাদের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তুরস্কের প্রচেষ্টা সংঘাত ও সহিংসতা কেন্দ্রিক পরিকল্পনাগুলোকে বানচাল করে দিচ্ছে।
এরদোয়ান বলেন, “আমরা দেখতে পাচ্ছি আমাদের অঞ্চলের জন্য কেমন রক্তক্ষয়ী চক্রান্ত আঁকা হচ্ছে। আল্লাহর ইচ্ছায় আমরা সেগুলোকে বাস্তবে রূপ নিতে দেব না।”
এরদোয়ান যাকে “নির্দোহ মানুষের রক্তে হাত থাকা খুনি নেটওয়ার্ক” হিসেবে উল্লেখ করেছেন, তাদের নীতিতে অস্বস্তি তৈরি হলেও তুরস্ক তার প্রতিবেশীদের ছেড়ে দেবে না বলে সাফ জানিয়ে দেন।
তিনি বলেন, “হাতে রক্ত লেগে থাকা খুনি নেটওয়ার্কগুলো এতে অস্বস্তিতে পড়ছে বলেই আমরা আমাদের প্রতিবেশীদের ঘুরে দাঁড়াতে সাহায্য করা বন্ধ করব না।”
এরদোয়ান দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বলেন, আঙ্কারা তার পরিকল্পনা ভেস্তে যাওয়া পক্ষগুলোর বিরোধিতা বা উদ্বেগকে তোয়াক্কা না করে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাবে।
তিনি আরও বলেন, “কিছু মানুষ এটি চাচ্ছে না, কেউ কেউ উদ্বিগ্ন কিংবা কারও কারও পরিকল্পনা ভেস্তে যাচ্ছে—শুধুমাত্র এই কারণে আমরা আমাদের অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লড়াই থেকে একচুলও পিছিয়ে আসব না।”
রাষ্ট্রপতি জানান, তুরস্ক যখন নিজের নাগরিকদের পাশাপাশি এই অঞ্চলের প্রতিটি মানুষের জন্য শান্তি কামনা করছে, তখন রক্তপাত ও সংঘাতের ওপর ভিত্তি করে গড়ে ওঠা খুনি নেটওয়ার্কগুলোর চক্রান্ত নস্যাৎ হয়ে যাচ্ছে।












