
খোরশেদ আলম, সাভার প্রতিনিধিঃ
ঢাকার আশুলিয়ায় গ্রাহকদের ওজনে কম তেল দেওয়ার অপরাধে ‘সালাম পেট্রোল পাম্প’ নামের একটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে আশুলিয়ার টংগাবাড়ী এলাকার সালাম পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করে বিএসটিআই। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেওয়া হয়। মামলা বিচারকারী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার এ অভিযান ও দণ্ডাদেশ পরিচালনা করেন।
অভিযানকালে পরিমাপ করে দেখা যায়, পাম্পটি থেকে গ্রাহকদের প্রতি ১০ লিটার তেলে আধা লিটার করে কম দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে ওজনে কম তেল দেওয়ার অভিযোগের ভিত্তিতে পাম্পটিতে অভিযান চালানো হয় বলে জানা গেছে।
এ ঘটনায় ওজনে তেল কম দেওয়ার দায়ে পাম্প কর্তৃপক্ষের প্রতিনিধি নিবাস মণ্ডলকে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার। পরে জরিমানার টাকা আদায় করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।












