
সাজিদুর রহমান, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের বাহুবল উপজেলার বিহারীপুর কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) লিপি রানী পালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কর্মস্থলে নিয়মিত উপস্থিত না থাকা, মনগড়াভাবে আসা-যাওয়া এবং রোগীদের সঙ্গে রূঢ় আচরণসহ বিভিন্ন অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিহারীপুর কমিউনিটি ক্লিনিকটি স্থানীয়দের প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। তবে দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপির অনিয়মিত উপস্থিতির কারণে অনেক সময় চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ না পেয়েই রোগীদের ফিরে যেতে হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দারা জানান, বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক রোগীরা ক্লিনিকে এসে সেবা না পেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। তাদের দাবি, সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ক্লিনিকটির কার্যক্রম নিয়মিত তদারকি করা প্রয়োজন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহেল মারুফ ফারুকী গত জুনে বিহারীপুর কমিউনিটি ক্লিনিক সরেজমিনে পরিদর্শন করেন। ওই সময় দুপুর ১২টার কাছাকাছি হলেও সিএইচসিপি লিপি রানী পালকে কর্মস্থলে পাওয়া যায়নি। এ সময় স্থানীয় বাসিন্দারা তার দায়িত্ব পালনের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে বিভিন্ন অভিযোগ জানান।
পরে বিষয়টি আমলে নিয়ে লিপি রানী পালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তার দেওয়া জবাব কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহেল মারুফ ফারুকী বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৮ আগস্ট লিপি রানী পালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয়দের দাবি, সরকারি স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম নিয়মিত তদারকি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন।







