নিজস্ব প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ২০ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৎস্য হ্যাচারি-সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়।
জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”












