
বিল্লাল আহমেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তর।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা কান্তি ভূষণ সেনগুপ্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম।
‘করব সমবায়, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম এবং পবিত্র গীতা পাঠ করেন সহকারী সমবায় কর্মকর্তা দুলাল।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজম, পজীব কর্মকর্তা এ কে এম আব্দুস শাহেদ, পল্লী বিদ্যুৎ সমিতি লাখাইয়ের ডিজিএম সুমন সাহা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাসেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং সমবায়ী নোমান তালুকদার।
বক্তারা বলেন, লাখাই উপজেলা কৃষি ও মৎস্যসম্পদ উৎপাদনে একটি উদ্বৃত্ত অঞ্চল। এ সম্ভাবনাকে কাজে লাগাতে কৃষি সমবায় ও মৎস্য সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল করতে হবে। পাশাপাশি নতুন নতুন সমবায় সমিতি গঠনের মাধ্যমে সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
তাঁরা আরও বলেন, সমবায়ের ধারণা, কার্যক্রম ও সুফল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। সমবায়ভিত্তিক উদ্যোগ সম্প্রসারণ করা গেলে স্থানীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।




















