
নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ, ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের খুতবা দেওয়াকে কেন্দ্র করে এক ইমামকে জোরপূর্বক অপসারণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, অপসারিত ইমামকে পুনর্বহাল এবং ইমামদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন ইমাম সমিতির নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, চলতি মাসের ৪ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার রানিহাটি বাজার ঈদগাহ জামে মসজিদে জুমার খুতবায় ইসলামী রাষ্ট্রীয় শাসনব্যবস্থা এবং শাসক ও জনগণের ভূমিকা নিয়ে আলোচনা করেন ইমাম মাওলানা আলী হাসান মুজাহিদ। এ আলোচনাকে কেন্দ্র করে তাকে জোরপূর্বক অপসারণ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, গত ১০ সেপ্টেম্বর দুপুরে যোহরের নামাজ থেকে ইমামতি করা থেকে বিরত থাকার জন্য মাওলানা আলী হাসান মুজাহিদকে নির্দেশ দেয় রানিহাটি বাজার ঈদগাহ জামে মসজিদ কমিটি।
ইমামদের সঙ্গে এমন আচরণকে ‘জুলুম’ উল্লেখ করে ঘটনার তীব্র নিন্দা জানান ইমাম সমিতির নেতৃবৃন্দ। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চাকরিচ্যুত ইমামকে পুনর্বহাল এবং ইমামদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং কেন্দ্রীয় ইমাম সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।



















