
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর রাণীনগর উপজেলায় স্কুলের পাশে মুদি দোকানে খাবার কিনতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছর বয়সী এক ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত দোকানদারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
ঘটনাটি ঘটেছে সোমবার, ৭ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে রাণীনগর উপজেলার পারইল বাজারে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ওই ছাত্রী সোমবার সকালে বাসা থেকে স্কুলে যায়। বেলা আনুমানিক ১টার দিকে স্কুলের পাশে মোজাম্মেল হক ওরফে মজার মুদি দোকানে খাবার কিনতে যায় সে। এ সময় দোকানদার মোজাম্মেল হক ছাত্রীকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ চেষ্টা করলে সে চিৎকার শুরু করে।
ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত মোজাম্মেল হক ওরফে মজাকে আটক করে রাখেন। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানা হেফাজতে নেয়।
আটককৃত মোজাম্মেল হক ওরফে মজা, ৭০, পারইল হাট-খোলাপাড়া গ্রামের মৃত আব্দুল প্রামানিকের ছেলে।
এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দোকানদার মোজাম্মেল হককে আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।”













