
মনোয়ার বাবু-ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী নৈশ কোচে তল্লাশি চালিয়ে ২২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা দিনমজুরের কাজের কথা বলে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। তাদের বহন করা কাপড়চোপড়ের ব্যাগে লুকিয়ে রাখা ছিল ট্যাবলেটগুলো।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঘোড়াঘাট পৌরসভার টিএনটি মোড় এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচে তল্লাশি চালিয়ে এসব টাপেন্টাডল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর অফিসপাড়ার লালন মিয়া (২৫), কাফিরুল ইসলাম (২৩), সোহাগ বাবু (২০) ও হাসান আলী (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নৈশ কোচে করে কয়েকজন মাদক পাচার করছেন বলে খবর পায় ঘোড়াঘাট থানা পুলিশ। পরে টিএনটি মোড় এলাকায় অবস্থান নিয়ে শ্যামলী পরিবহনের কোচটিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে চারজনের বহন করা কাপড়চোপড়ের ব্যাগ থেকে ২২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে ব্যাগগুলো নিজেদের বলে স্বীকার করেন তারা। পুলিশের দাবি, নারায়ণগঞ্জে বিক্রির উদ্দেশ্যে এসব ট্যাবলেট নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেপ্তার ব্যক্তিরা।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ব্যবহৃত চারটি ব্যাগও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


















