
রমজান হোসেন, মহাদেবপুর উপজেলা প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নীরেন চন্দ্র বর্মণ ওরফে হীরেন (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) সকাল ৬টার দিকে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের এনায়েতপুর মদিনা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নীরেন চন্দ্র বর্মণ মহাদেবপুর উপজেলার মগরইল গ্রামের মৃত ধীরেন চন্দ্র বর্মণের ছেলে। আহত যাত্রী পরেশ চন্দ্র বর্মণ (৫৮) একই গ্রামের মৃত অধীর চন্দ্র বর্মণের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নীরেন চন্দ্র বর্মণ ভ্যান নিয়ে উপজেলার এনায়েতপুর এলাকায় পৌঁছালে একটি অ্যাম্বুলেন্স ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে গিয়ে চালক নীরেন চন্দ্র বর্মণ ও যাত্রী পরেশ চন্দ্র বর্মণ গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক নীরেন চন্দ্র বর্মণের মৃত্যু হয়। গুরুতর আহত পরেশ চন্দ্র বর্মণকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।















